ছবির ক্যাপশন: বাংলাদেশে বজ্রপাতে সর্বাধিক ঝুঁকিপূর্ণ অঞ্চল সিলেট ও সুনামগঞ্জ।
বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে বজ্রপাত অন্যতম প্রাণঘাতী একটি সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, গত এক দশকে বজ্রপাতে দেশে সাড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। প্রায় এক দশক আগে এটিকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করা হলেও এর কারণে প্রাণহানি এখনো পুরোপুরি থামেনি। সাধারণত মার্চ, এপ্রিল ও মে মাসে দেশে সবচেয়ে বেশি বজ্রঝড় ও বজ্রপাত হয়ে থাকে।
বিবিসি বাংলার এক প্রতিবেদনে জানানো হয়েছে, আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী ২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বজ্রপাতে মোট ৩,৫৮ জন মানুষের মৃত্যু হয়েছে। পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, ২০১৫ সালে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা ছিল ২২৬ জন, যা ২০১৬ সালে বেড়ে ৩৯১ জনে দাঁড়ায়। ২০২০ সালে এই সংখ্যা সর্বোচ্চ ৪২৭ জনে পৌঁছায়। তবে ২০২১ সাল থেকে এই মৃত্যুর সংখ্যা ধারাবাহিকভাবে কমতে শুরু করে। ২০২৪ সালে তা কমে ২৭১ জনে এবং ২০২৫ সালে ১৭৩ জনে নেমে আসে। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, চলতি বছরে এখন পর্যন্ত বজ্রপাতে ২৮ থেকে ৩০ জনের মতো মানুষের প্রাণহানি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, ২০২০ সালের পর থেকে বজ্রপাতে মৃত্যু কমার পেছনে আবহাওয়া অধিদপ্তরের দুই থেকে চার ঘণ্টা আগের আগাম সতর্কতা বার্তা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন প্রতিরোধমূলক পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে পর্যাপ্ত ঐতিহাসিক ডেটার অভাবে ২০১৫ সালের আগের তুলনায় বর্তমান মৃত্যুর হার বেশি নাকি কম, তা নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যায় না।
আবহাওয়া অফিস জানিয়েছে, ভৌগোলিক অবস্থান ও আবহাওয়াগত বৈশিষ্ট্যের কারণে বাংলাদেশের উত্তর-পূর্ব দিকের অঞ্চল সিলেটে সবচেয়ে বেশি বজ্রপাত হয়। বিশেষ করে সিলেটের সুনামগঞ্জ জেলায় বজ্রপাতের প্রবণতা সর্বাধিক। এই জেলার জামালগঞ্জ উপজেলাকে বজ্রপাতের দিক থেকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং গত এক দশকে এখানে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে।
সিলেট ছাড়াও দেশের আরও বেশ কিছু অঞ্চলে তুলনামূলক বেশি বজ্রপাত হয়ে থাকে। এর মধ্যে নেত্রকোনা, হবিগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, মৌলভীবাজার, রাজশাহী, যশোর, কুষ্টিয়া, সাতক্ষীরা, মেহেরপুর, ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, বান্দরবান, রাঙ্গামাটি এবং বরিশালের খেপুপাড়া উল্লেখযোগ্য।