দেশের প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিত করা এবং তাঁদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলায় ৬৪টি প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার। একই সঙ্গে সরকারি চাকরিতে প্রতিবন্ধীদের প্রবেশের বয়সসীমা বৃদ্ধির প্রশাসনিক প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
রাজধানীর ইস্কাটনে কেয়ারারস অ্যালায়েন্স বাংলাদেশ আয়োজিত 'আন্তর্জাতিক কেয়ারারস দিবস-২০২৬' উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান। নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রায়হান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
চাকরির বয়সসীমা বৃদ্ধি ও কর্মসংস্থানের জোর
সমাজকল্যাণমন্ত্রী জানান, প্রতিবন্ধী ব্যক্তিরা যেন নিজের সক্ষমতা অনুযায়ী কর্মসংস্থানে যুক্ত হতে পারেন, সেজন্য সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ানোর কাজ চলছে। পাশাপাশি দেশের বেসরকারি খাতের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও বাণিজ্যিক উদ্যোক্তাদেরও প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরিতে নিয়োগ দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।
বিশেষ শিক্ষক প্রশিক্ষণ ও টেকসই পুনর্বাসন
শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, বর্তমানে এ ধরনের প্রশিক্ষণের জন্য দেশে মাত্র একটি সরকারি কলেজ রয়েছে। সরকার এ প্রশিক্ষণ দ্রুত বিভাগীয় পর্যায়ে বিস্তৃত করার পরিকল্পনা গ্রহণ করেছে। সেই সঙ্গে প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহার্য সহায়তাকারী সরঞ্জাম প্রস্তুতকারী সরকারি প্রতিষ্ঠানটি আধুনিকায়ন করা হবে।
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পিতামাতাদের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, যে সব মা-বাবা সন্তানদের পরিচর্যা করতে গিয়ে অন্য কোনো পেশায় যুক্ত হতে পারেন না, তাঁদের আত্মনির্ভরশীল করতে বৃত্তিমূলক প্রশিক্ষণ, আর্থিক অনুদান ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করা হবে। সরকার শুধু প্রশিক্ষণ দিয়ে থেমে থাকবে না, প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিবারের টেকসই পুনর্বাসন নিশ্চিত করতে কাজ করবে।
কেয়ারারস অ্যালায়েন্স বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুল মুনিরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ এবং বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।