কলারোয়া সীমান্তে ৩৩ ব্যাটালিয়ন বিজিবির অভিযান, দেড় লক্ষাধিক টাকার ভারতীয় মদ ও ওষুধ জব্দ
আব্দুস সামাদ স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরার কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৬৪ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ ও ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১০ অক্টোবর ২০২৬) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ কাকডাঙ্গা ও মাদরা বিওপির পৃথক আভিযানিক দল এসব মালামাল জব্দ করে।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কাকডাঙ্গা বিওপির দুটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস-এর ৬ আরবি থেকে আনুমানিক ২০০ থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজ্জাকের মোড় ও ভাদিয়ালী এলাকায় অভিযান চালায়। এ সময় ১ লাখ ৪৯ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ ও ওষুধ জব্দ করা হয়।
অন্যদিকে, মাদরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল একই সীমান্ত পিলারের ১০ আরবি থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজপুর এলাকায় অভিযান চালিয়ে ১৫ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ করে।
দুটি বিওপির অভিযানে সর্বমোট ১ লাখ ৬৪ হাজার টাকা মূল্যের মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।
বিজিবি জানায়, শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে এসব পণ্য পাচারের চেষ্টা করা হচ্ছিল। এ ধরনের চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।
সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং দেশের রাজস্ব ফাঁকি রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। অভিযানে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি।