ছবির ক্যাপশন: যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ট্রাম্প-পরবর্তী রিপাবলিকান নেতৃত্বে আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্পের পর রিপাবলিকান পার্টির হাল কে ধরবেন, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে দলটির সম্ভাব্য প্রার্থী হিসেবে দুটি নাম ব্যাপকভাবে উচ্চারিত হচ্ছে—বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ট্রাম্প প্রশাসনের এই দুই প্রভাবশালী ব্যক্তিত্বের রাজনৈতিক পথচলা, অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গিতে রয়েছে স্পষ্ট ভিন্নতা।
মার্কো রুবিওর দীর্ঘ কূটনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতা
ফ্লোরিডার স্থানীয় রাজনীতি থেকে উঠে আসা মার্কো রুবিও কিউবান অভিবাসী পরিবারের সন্তান। ২০০০ সালে অঙ্গরাজ্য আইনসভার সদস্য ও পরবর্তীতে স্পিকারের দায়িত্ব সামলানোর পর ২০১১ সালে মার্কিন সিনেটর হিসেবে জাতীয় রাজনীতিতে প্রবেশ করেন। ২০১৬ সালে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থিতার দৌড়ে অংশ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হলেও জাতীয় রাজনীতিতে তাঁর অবস্থান সুদৃঢ় ছিল।
২০২৫ সালের ২১ জানুয়ারি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়া রুবিওর পেছনে রয়েছে দীর্ঘ আইনপ্রণেতা ও কূটনৈতিক কাজের অভিজ্ঞতা। বিশেষ করে চীন, রাশিয়া, মধ্যপ্রাচ্য এবং লাতিন আমেরিকা সম্পর্কিত মার্কিন পররাষ্ট্রনীতিতে তাঁর দীর্ঘ দিনের অবস্থান ও বোঝাপড়া তাঁকে আন্তর্জাতিক রাজনীতিতে একটি অভিজ্ঞ মুখ হিসেবে দাঁড় করিয়েছে।
জেডি ভ্যান্স ও শ্রমজীবী মানুষের রাজনীতি
অন্যদিকে, ওহাইওর অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্য দিয়ে বেড়ে ওঠা জেডি ভ্যান্সের রাজনৈতিক ক্যারিয়ার অপেক্ষাকৃত নতুন। মার্কিন মেরিন কোরে চার বছর দায়িত্ব পালন ও ইরাক যুদ্ধের অভিজ্ঞতার পর তিনি পড়াশোনা শেষ করেন ইয়েল ল স্কুলে। পরবর্তীতে বিনিয়োগ ব্যবসা এবং স্বরচিত গ্রন্থ ‘হিলবিলি এলিজি’-র মাধ্যমে তিনি জাতীয় পর্যায়ে পরিচিতি পান।
২০২২ সালে প্রথম সিনেটর নির্বাচিত হওয়ার পর মাত্র দুই বছরের মাথায় ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পের রানিংমেট হিসেবে মনোনীত হন এবং ২০২৫ সালের ২০ জানুয়ারি ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। ভ্যান্স মূলত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ শিল্প রক্ষা, কাজের সুযোগ বৃদ্ধি, অভিবাসন নিয়ন্ত্রণ এবং মার্কিন শ্রমজীবী ও মধ্যবিত্ত শ্রেণির স্বার্থ নিয়ে সোচ্চার।
পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যেখানে রুবিওর ঐতিহ্যবাহী ও বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের নেতৃত্বের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, সেখানে ভ্যান্স মার্কিন অভ্যন্তরীণ অর্থনৈতিক সুরক্ষা ও শ্রমিকদের স্বার্থকে বেশি প্রাধান্য দেন। ট্রাম্প-পরবর্তী যুগে রিপাবলিকান পার্টির নীতি কোনো দিকে মোড় নেবে, তার ওপরই নির্ভর করছে এই দুই নেতার রাজনৈতিক ভবিষ্যৎ।