ছবির ক্যাপশন: চাকরির ৮ বছর পূর্তিতে শিক্ষা ক্যাডারের প্রভাষকদের উচ্চতর গ্রেড দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে মাউশি।
বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের নবম গ্রেডভুক্ত প্রভাষকদের চাকরি ৮ বছর পূর্ণ হলে তারা অষ্টম গ্রেডে বেতন পাওয়ার যোগ্য হবেন। এ লক্ষ্যে যোগ্য কর্মকর্তাদের প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ১২ নভেম্বরের মধ্যে অধিদপ্তরের পত্র গ্রহণ শাখার ১৩০ নম্বর কক্ষে দুই সেট আবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।
উচ্চতর গ্রেড পাওয়ার নিয়মাবলী
মাউশির জারি করা বিশেষ চিঠিতে জানানো হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ১৫ ধারায় প্রাপ্ত ক্ষমতাবলে অর্থ মন্ত্রণালয়ের জারি করা ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’-এর অনুচ্ছেদ ৬ (১) অনুযায়ী এই সুবিধা দেওয়া হচ্ছে। নিয়ম অনুযায়ী, কোনো স্থায়ী সরকারি কর্মচারী পদোন্নতি না পেয়ে একই পদে টানা ৮ বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করলে, ৯ম বছরে তিনি স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী উচ্চতর গ্রেড পাওয়ার জন্য বিবেচিত হবেন। এই বিধানের আলোকেই যোগ্য প্রভাষকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।
আবেদনের সাথে যেসব কাগজ লাগবে
আবেদনপত্রের নির্ধারিত ছকে কর্মকর্তার নাম, পরিচিতি নম্বর, বর্তমান পদবি, বিষয়, কর্মস্থলের ঠিকানা, প্রথম যোগদানের তারিখ, ৮ বছর পূর্তির তারিখ এবং উচ্চতর গ্রেড পাওয়ার প্রাপ্যতা স্পষ্ট করে উল্লেখ করতে হবে।
এর পাশাপাশি আবেদনের সাথে কিছু প্রয়োজনীয় নথি যুক্ত করতে হবে। যার মধ্যে রয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তার নিজস্ব আবেদন, প্রতিষ্ঠানপ্রধানের অগ্রায়ণপত্র, ক্যাডারে প্রথম যোগদানের চিঠি, চাকরি স্থায়ীকরণের প্রজ্ঞাপন, নিয়োগ ও পদায়নের আদেশ এবং নিয়মিতকরণের নির্দেশ। একই সাথে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে কোনো প্রকার বিভাগীয় মামলা চলমান নেই—মর্মে প্রতিষ্ঠানপ্রধানের দেওয়া একটি প্রত্যয়নপত্রও জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।