ছবির ক্যাপশন: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক হৃদ্রোগ সম্মেলনে নতুন চিকিৎসাপদ্ধতির ধারণা তুলে ধরেন অধ্যাপক মো. আফজালুর রহমান।
হৃদ্রোগের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে বাংলাদেশের একটি সাম্প্রতিক গবেষণা। হাসপাতালে নিজস্ব বিশেষজ্ঞ চিকিৎসক দল না থাকা সত্ত্বেও অন্য কোনো হাসপাতাল থেকে অভিজ্ঞ টিম এনে জটিল হৃদ্রোগের সফল ইন্টারভেনশনাল চিকিৎসা দেওয়া সম্ভব—এমনই এক নতুন ধারণা আন্তর্জাতিক সম্মেলনে তুলে ধরা হয়েছে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম বৃহৎ হৃদ্রোগ চিকিৎসাবিষয়ক সম্মেলন 'টিসিটি ২০২৬'-এ গবেষণাটি উপস্থাপন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি হৃদ্রোগ বিশেষজ্ঞ অধ্যাপক মো. আফজালুর রহমান।
টিসিটি সম্মেলনে বাংলাদেশের উপস্থিতি
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে ২ ও ৩ নভেম্বর অনুষ্ঠিত এই বৈশ্বিক সম্মেলনে বিশ্বজুড়ে খ্যাতিমান হৃদ্রোগ বিশেষজ্ঞ, গবেষক ও চিকিৎসাবিজ্ঞানীরা অংশ নেন। সম্মেলনে একাধিক গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক অধিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অধ্যাপক আফজালুর রহমান।
জরুরি জটিলতা মোকাবিলা ও নতুন মডেল
সম্মেলনের প্রথম দিন ২ নভেম্বর হৃদ্যন্ত্রের রক্তনালিতে চিকিৎসার সময় সৃষ্ট জীবনসংকটাপন্ন পরিস্থিতি, যেমন—রক্তনালি ছিদ্র হওয়া কিংবা হৃদ্যন্ত্রের চারপাশে রক্ত জমে যাওয়ার মতো জটিলতা মোকাবিলায় নিজের অভিজ্ঞতা মূল বক্তা হিসেবে তুলে ধরেন আফজালুর রহমান। একই দিনে তিনি অন্য একটি অধিবেশনে সঞ্চালকের দায়িত্ব পালন করেন।
পরদিন ৩ নভেম্বর তিনি জটিল হৃদ্রোগ চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতির ব্যবহার ও নানা চ্যালেঞ্জ নিয়ে আয়োজিত অধিবেশনে আলোচক হিসেবে অংশ নেন। পাশাপাশি 'ইন্টারভেনশনাল কার্ডিয়াক টিম ট্রান্সফার' পদ্ধতির নতুন ধারণার ওপর ভিত্তি করে চলমান পর্যবেক্ষণমূলক গবেষণার তথ্য বিশ্বমঞ্চে তুলে ধরেন।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক আফজালুর রহমান বর্তমানে কন্টিনেন্টাল হাসপাতালে আধুনিক হৃদ্রোগ চিকিৎসা ও চিকিৎসকদের প্রশিক্ষণ কার্যক্রমে নিয়োজিত রয়েছেন। আন্তর্জাতিক এই মর্যাদাপূর্ণ সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও গবেষণা তুলে ধরা দেশের চিকিৎসাবিজ্ঞানের অগ্রযাত্রায় বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।