ছবির ক্যাপশন: অনলাইনে নিজের ভ্রমণ করা জেলাগুলো নিয়ে তৈরি করা ম্যাপ।
দেশের কোন কোন জেলা ঘুরেছেন আর কোনগুলো বাকি আছে, সেই নিখুঁত হিসাব মনে রাখা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। এই সমস্যার সহজ সমাধান এবং বন্ধুদের সঙ্গে তা শেয়ার করার সুযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে 'বাংলাদেশ ভ্রমণ ম্যাপ' ট্রেন্ড। নেট ব্যবহারকারীরা নিজেদের ভ্রমণ করা জেলাগুলো ডিজিটাল মানচিত্রে চিহ্নিত করে টাইমলাইনে প্রকাশ করছেন।
'এখন টিভি'-এর প্রতিবেদন অনুযায়ী, ভ্রমণপ্রেমী ও ওয়েব ডিজাইনার মো. সাব্বির হোসেন রবিন 'unseenbangladesh.com' নামের একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন, যেখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে এই কাস্টমাইজড ভ্রমণ ম্যাপ তৈরি করা সম্ভব।
যেভাবে তৈরি করবেন ভ্রমণ ম্যাপ
১. জেলা নির্বাচন: প্রথমে নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করলে আটটি বিভাগের অধীনে দেশের ৬৪ জেলার একটি তালিকা ও ইন্টারেক্টিভ ম্যাপ দেখতে পাওয়া যাবে। যেসব জেলায় ইতিপূর্বে ভ্রমণ করা হয়েছে, তা তালিকায় ক্লিক করে, সার্চ বারে লিখে কিংবা সরাসরি মানচিত্রে ট্যাপ করে সিলেক্ট করা যায়। যতগুলো জেলা নির্বাচন করা হবে, তার ওপর ভিত্তি করে স্ক্রিনে স্কোর দেখা যাবে (যেমন: ১০/৬৪)। প্রয়োজনে সব জেলা একসঙ্গে নির্বাচন বা মুছে ফেলার অপশনও রয়েছে।
২. থিম নির্বাচন: মানচিত্রটিকে আরও আকর্ষণীয় ও সুন্দর করতে এতে রয়েছে বিভিন্ন আধুনিক রঙের থিম বেছে নেওয়ার সুযোগ। নিজের পছন্দমতো থিম দিয়ে ম্যাপটি সাজানো সম্ভব।
৩. নাম ও ছবি যুক্ত করা: এই ম্যাপে নিজের ছবি এবং নাম যুক্ত করার সুবিধা রাখা হয়েছে। যদি নাম না দেওয়া হয়, তবে স্বয়ংক্রিয়ভাবে 'আমার বাংলাদেশ' লেখাটি প্রদর্শিত হবে।
৪. ডাউনলোড ও শেয়ার: সব প্রক্রিয়া শেষ করার পর নিচের 'আপনার ম্যাপ ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে পিএনজি (PNG), জেপিজি (JPG) কিংবা পিডিএফ (PDF) ফরম্যাটে ম্যাপটি সংরক্ষণ করা যাবে। পরবর্তীতে এটি সামাজিক মাধ্যমে শেয়ার করে বন্ধুদের সঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া যায়। এছাড়া একই ওয়েবসাইট ব্যবহার করে বিশ্ব ভ্রমণ ম্যাপ তৈরির সুযোগও রয়েছে।