ছবির ক্যাপশন: বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় আট জেলায় ১৮ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে।
দেশের তৃণমূল পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করা, তাদের কার্যক্রমে অর্থায়ন নিশ্চিত করা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক ‘উদ্যোগ’ কর্মসূচি বাস্তবায়ন করছে। এই কর্মসূচির প্রাথমিক পর্যায়ে দেশের আটটি বিভাগের প্রতিনিধিত্বকারী আটটি জেলার সব উপজেলা থেকে তরুণ উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়।
শনিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম ধাপে আট জেলা থেকে মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছে। গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত নির্ধারিত সময়ে উদ্যোক্তারা নিজ নিজ উপজেলার তফসিলি ব্যাংকের শাখায় এসব আবেদন জমা দেন।
কোন জেলায় কত আবেদন
প্রাথমিক তথ্যানুযায়ী, প্রথম ধাপে অংশ নেওয়া আট জেলার মধ্যে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে নেত্রকোনা জেলায়, যার পরিমাণ ৫ হাজার ৩৫১টি। এছাড়া রংপুর জেলায় ২ হাজার ৭৪৫টি, নওগাঁয় ২ হাজার ৪৫৬টি এবং ঝিনাইদহে ২ হাজার ১৯১টি আবেদন পড়েছে। অন্যান্য জেলার মধ্যে হবিগঞ্জে ১ হাজার ৫৫২টি, ভোলায় ১ হাজার ৫৪৫টি, মানিকগঞ্জে ১ হাজার ৩৪৩টি এবং ফেনী জেলায় ১ হাজার ২৬১টি আবেদন জমা হয়েছে।
বাকি ৫৬ জেলায় আবেদন শুরু ১ নভেম্বর
বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কর্মসূচির পরবর্তী ধাপে দেশের বাকি ৫৬ জেলার আগ্রহী তরুণ উদ্যোক্তারা আগামী ১ থেকে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে নিজ নিজ উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন ফরম বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং নির্দিষ্ট তফসিলি ব্যাংকগুলোর ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।
গত ২০২৬ সালের ১৩ সেপ্টেম্বর এসএমইএসপিডি সার্কুলার নম্বর-০৫-এর মাধ্যমে এই কর্মসূচির নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় ব্যাংক। এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলের সক্রিয় সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ ব্যাংক। বাসস-এর পরিবেশনা অনুযায়ী এ তথ্য জানা গেছে।