রাজস্ব খাতভুক্ত একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই)। প্রতিষ্ঠানটিতে ১১টি ক্যাটাগরিতে স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে মোট ৮১ জন কর্মী নেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, যোগ্য ও আগ্রহী বাংলাদেশি নাগরিকেরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। আগামী ১০ নভেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং প্রার্থীরা আবেদনের জন্য এক মাস সময় পাবেন।
পদ ও যোগ্যতার বিস্তারিত
বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে বেশি জনবল নেওয়া হবে বৈজ্ঞানিক কর্মকর্তা পদে। এই পদে স্থায়ী ৪০টি ও অস্থায়ী ১০টিসহ মোট ৫০ জন নিয়োগ দেওয়া হবে। এতে আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মৎস্যবিজ্ঞানে স্নাতক (সম্মান) অথবা প্রাণিবিজ্ঞানসহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
এছাড়া প্রতিষ্ঠানের গ্রন্থাগারিক, উপ-সহকারী প্রকৌশলী (পুরকৌশল), ফটোগ্রাফার, কম্পিউটার অপারেটর, হিসাবরক্ষক, ক্যাশিয়ার এবং চালকসহ বিভিন্ন পদে কর্মী নেওয়া হবে। পদভেদে আবেদনের যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), এসএসসি, এইচএসসি, ডিপ্লোমা এবং স্নাতক বা স্নাতকোত্তর নির্ধারণ করা হয়েছে। কিছু পদের ক্ষেত্রে কম্পিউটার টাইপিংয়ের গতি, সংশ্লিষ্ট বিষয়ের ট্রেড সনদ, ড্রাইভিং লাইসেন্স কিংবা বাস্তব অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
বয়সসীমা ও আবেদন পদ্ধতি
আবেদনকারীর বয়স ১ নভেম্বর ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের জন্য এসএসসি বা সমমানের সনদের তথ্য গ্রহণ করা হবে; এক্ষেত্রে কোনো ধরনের অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।
অনলাইনে সফলভাবে আবেদনপত্র জমা দেওয়ার পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল দিয়ে নির্ধারিত আবেদন ফি পরিশোধ করতে হবে। বিজ্ঞপ্তির ১ থেকে ৩ নম্বর পদের জন্য ফি ২০০ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা জমা দিতে হবে।