কলারোয়া প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়া সরকারি জি.কে.এম.কে পাইলট হাইস্কুলের ঐতিহ্যবাহী ফুটবল মাঠ সংরক্ষণ, সুষ্ঠু ব্যবস্থাপনা ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) সকাল ১১টায় হাইস্কুল মার্কেটে এক জরুরি পরামর্শ সভায় এ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন শেখ তামিম আজাদ মেরিন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মীর রফিকুল ইসলাম মীর, অ্যাডভোকেট কাজী আবদুল্লাহ আল হাবীব, ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদক মো. রেজাউল করিম লাবলু, ফুটবল কোচ মাসউদুল ইসলাম মাসুদ, রেফারি ফারুক হোসেন স্বপন, সাজেদুল করিম তপু, জাহিদুর রহমান খান চৌধুরী, শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন ও ফুটবলার ইমনসহ ক্রীড়াঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, কলারোয়ার অন্যতম প্রধান ও ঐতিহ্যবাহী এই ফুটবল মাঠটি শুধু খেলাধুলার জন্যই নয়, বরং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় আয়োজনেরও গুরুত্বপূর্ণ কেন্দ্র। পাশাপাশি প্রতিদিন সকাল-বিকেলে স্বাস্থ্য সচেতন মানুষদের হাঁটা ও ব্যায়াম এবং শিশু-কিশোরদের খেলাধুলার অন্যতম প্রধান স্থান হিসেবে মাঠটি ব্যবহৃত হয়ে আসছে।
তবে দীর্ঘদিন ধরে যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের অভাবে মাঠটি বর্তমানে খেলাধুলার জন্য অনেকটাই অনুপযোগী হয়ে পড়েছে। ফলে মাঠটির অস্তিত্ব ও পরিবেশ রক্ষায় দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে সভায় মত দেন উপস্থিত সবাই।
এ সময় কলারোয়ার একমাত্র গুরুত্বপূর্ণ ফুটবল মাঠটিকে রক্ষা করতে নিয়মিত পরিচর্যা, রক্ষণাবেক্ষণ, মাঠের সৌন্দর্যবর্ধন এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
গঠিত মাঠ ব্যবস্থাপনা কমিটি মাঠের সার্বিক তদারকি, সংরক্ষণ, পরিচর্যা ও সৌন্দর্যবর্ধনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।