কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মদনপুর গ্রামে হিন্দু সম্প্রদায়ের কয়েকজন ব্যক্তিকে তাদের ইচ্ছার বিরুদ্ধে জামাতে যোগদান করানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়, মদনপুর মক্তবের ভেতরে তাদের ওপর চাপ প্রয়োগ করে জোরপূর্বক গলায় মালা পরানো হয়। ভুক্তভোগীরা হলেন— অধীর, আশরাফুল, অসীম কুমার, আনারুল, টুটুল ও মশিয়ার। তারা সকলেই চন্দনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মদনপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, মদনপুর মক্তবে শিশুদের কোরআন শিক্ষা, দোয়া-উক্তি ও নামাজ শিক্ষা প্রদান করা হয়ে থাকে। এমন একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে এ ধরনের ঘটনার অভিযোগ ওঠায় এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় চন্দনপুর ইউনিয়ন বিএনপি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।