শোক কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের সকল ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
রাষ্ট্রীয় শোক কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয়ের পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে বলে জানিয়েছে প্রশাসন।
এছাড়া বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও অবদান স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাডেমিক সেমিনারসহ বিভিন্ন স্মরণমূলক কর্মসূচি গ্রহণের পরিকল্পনা রয়েছে।
মঙ্গলবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ’সহ সকল হল, হোস্টেল ও আবাসিক এলাকার মসজিদে মরহুমার রুহের মাগফেরাত কামনায় কোরআনখানি, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে। একইসঙ্গে অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হবে।
এদিকে আগামীকাল বুধবার বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিতব্য বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রশাসনের পক্ষ থেকে বিশেষ পরিবহনের ব্যবস্থা করা হয়েছে।