প্রিন্ট এর তারিখঃ Sep 8, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 6, 2026 ইং
প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সম্প্রতি বিভিন্ন পত্র-পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে “মা মোটরস, সাতক্ষীরা” এবং এর স্বত্বাধিকারী হিসেবে আমার নাম উল্লেখ করে যে সংবাদ প্রকাশ ও প্রচার করা হয়েছে, তার প্রতি আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আমি, মোহাম্মদ জিল্লুর রহমান, স্বত্বাধিকারী, মা মোটরস, সাতক্ষীরা, স্পষ্টভাবে বলতে চাই যে প্রকাশিত সংবাদে আমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগসমূহ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
আমি কোনো ব্যক্তি বা ক্রেতাকে হয়রানি, মারধর, অবৈধভাবে আটকে রাখা কিংবা প্রাণনাশের হুমকি দেওয়ার সঙ্গে জড়িত নই। আমার প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে। অথচ প্রকাশিত সংবাদে যথাযথ তদন্ত ও সত্যতা যাচাই ছাড়াই একতরফাভাবে তথ্য উপস্থাপন করা হয়েছে, যা আমার ব্যক্তি ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করেছে।
এছাড়া সংবাদে আমাকে সাবেক আওয়ামী লীগ নেতা হিসেবে উপস্থাপন করা হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আমার একটি পুরোনো ছবি ব্যবহার করা হয়েছে। এ বিষয়ে আমি পরিষ্কারভাবে জানাতে চাই যে, আমি কখনো আওয়ামী লীগের সক্রিয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম না। বরং দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত রয়েছি। রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তি সৃষ্টি ও আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে ইচ্ছাকৃতভাবে এ ধরনের তথ্য প্রচার করা হয়েছে বলে আমার বিশ্বাস।
আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। আমি সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গণমাধ্যমের প্রতি আহ্বান জানাচ্ছি, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন করা হোক।
পরিশেষে, আমার বিরুদ্ধে প্রকাশিত সকল মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর অভিযোগের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সর্বসাধারণকে বিভ্রান্তিকর প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছি।
প্রতিবাদকারী
মোহাম্মদ জিল্লুর রহমান
স্বত্বাধিকারী, মা মোটরস
সাতক্ষীরা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ News Bangla Today