প্রিন্ট এর তারিখঃ Sep 8, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 30, 2026 ইং
কলারোয়ায় ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সাতক্ষীরার কলারোয়ায় শুরু হয়েছে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি। পরিবেশবাদী সংগঠন ‘ক্লাইমেট এ্যাকশন এ্যান্ড জাস্টিস ফাউন্ডেশন’ (CAJF)-এর উদ্যোগে শুক্রবার (২৯ মে ২০২৬) ৫ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সকালে কলারোয়ায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান। তিনি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উপকূলীয় জেলা সাতক্ষীরাসহ পুরো দেশ আজ জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মুখে রয়েছে। এই পরিস্থিতিতে পরিবেশ রক্ষা ও আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, “গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, মানুষের জীবন ও ভবিষ্যৎও সুরক্ষিত করে। তাই প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগাতে হবে।”
তিনি আরও বলেন, ক্লাইমেট এ্যাকশন এ্যান্ড জাস্টিস ফাউন্ডেশনের এই উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়। তরুণদের পরিবেশ রক্ষার আন্দোলনে সম্পৃক্ত হওয়ারও আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, শিক্ষক, পরিবেশকর্মী, সাংবাদিক, শিক্ষার্থী এবং সুশীল সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, কলারোয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, সড়কের পাশ ও পতিত জমিতে ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণ করা হবে। শুধু গাছ লাগানো নয়, চারাগুলোর পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে স্থানীয় তরুণদের সমন্বয়ে একটি মনিটরিং টিমও গঠন করা হয়েছে।
অনুষ্ঠান শেষে অতিথিরা স্থানীয় সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ News Bangla Today