প্রিন্ট এর তারিখঃ Sep 8, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 24, 2026 ইং
সীমান্ত থেকে ৪২ লাখ টাকার হেরোইনসহ বিভিন্ন মালামাল জব্দ

শনিবার (২৪ মে) কলারোয়া উপজেলার কাঁকডাঙ্গা ও হিজলদী বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়। তবে এ সময় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাঁকডাঙ্গা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার কেড়াগাছি ও বাঘাডাঙ্গা এলাকা থেকে ৪২ লাখ ২৩ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, ১ কেজি ৬০০ গ্রাম হেরোইন এবং একটি মোটরসাইকেল জব্দ করে।
এছাড়া হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার পূর্ব হিজলদী এলাকা থেকে ১৫ হাজার টাকা মূল্যের ভারতীয় আগরবাতি জব্দ করে।
জব্দকৃত মালামালের সর্বমোট বাজারমূল্য ৪২ লাখ ৩৮ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, জব্দকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি (জিডি) করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের জন্য বিজিবি স্টোরে সংরক্ষণ করা হয়েছে।
চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ News Bangla Today