প্রিন্ট এর তারিখঃ Sep 8, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 19, 2026 ইং
বামনখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
সাতক্ষীরার কলারোয়া উপজেলার যুগীখালী ইউনিয়নের বামনখালী বাজার সংলগ্ন পুকুরে ডুবে ঊর্মি খাতুন (সাড়ে পাঁচ বছর) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ঊর্মি খাতুন খুলনা জেলার পাইকগাছা উপজেলার কাটিপাড়া গ্রামের মো. শফিকুল ইসলামের ছোট মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঊর্মি তার বাবা-মায়ের সঙ্গে বামনখালী বাজার এলাকায় থাকত। তার বাবা-মা দুজনেই সেখানে দিনমজুরের কাজ করেন। সকালে ঊর্মি আরও দুই শিশুর সঙ্গে পুকুরপাড়ে খেলছিল। একপর্যায়ে সবার অগোচরে সে পানিতে পড়ে যায়।
পরে কাজ শেষে ফিরে এসে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকেন। একপর্যায়ে পুকুরে ডুবন্ত অবস্থায় তাকে দেখতে পান। দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
শিশুটির স্বজনরা মরদেহ কাফন পরিয়ে নিজ বাড়ি কাটিপাড়া গ্রামে নিয়ে গেছেন। সেখানে দাফনের প্রস্তুতি চলছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ News Bangla Today